রাজশাহীর বাগমারা থানার পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে শরিফুল ইসলাম নামের এক যুবককে নির্যাতন ও জোর করে সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় শরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বাগমারার থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম ও ক্ষিদ্রিখাঁপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে ফাঁকা স্ট্যাম্পটি নিয়ে আদালতে উপস্থিত হওয়ার জন্য ওই পুলিশের দুই কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।মামলার আরজি সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষিদ্রিখাঁপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী নারগিস পারভীনের কাছ থেকে স্বাস্থ্য সহকারী পদে চাকরির জন্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শীশ মোহামঞ্চদ টাকা নেন। পরে শীশ মোহামঞ্চদ মারা যান। তবে মোস্তাফিজুর রহমান টাকা ফেরত নেওয়ার জন্য শীশ মোহামঞ্চদের পরিচিত শরিফুল ইসলামকে চাপ দেন। তিনি টাকার বিষয়ে কিছু জানেন না এবং তা ফেরত আনতে পারবেন না বলে জানিয়ে দেন। এতে মোস্তাফিজুর রহমান ক্ষিপ্ত হন। এর জের ধরে তাঁর পরিচিত বাগমারা থানার পুলিশের দুই কর্মকর্তা শাকিল আহমেদ ও জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গত ১৯ এপ্রিল উপজেলার দেউলা গ্রামের একটি চায়ের দোকানে যান। সেখানে ওই পুলিশের দুই কর্মকর্তা শরিফুল ইসলামকে মারধর করেন এবং টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। পরে তাঁকে থানায় নিয়ে একটি কক্ষে আটকে রেখে তাঁরা আবারও শরিফুলকে নির্যাতন করেন। এরপর পুলিশের কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতনের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁরা ১৫০ টাকার একটি ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাতে থানা থেকে তাঁকে ছেড়ে দেন। পরে তাঁরা নিজেদের ভুল স্বীকার করে স্ট্যাম্প ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা দেননি।মামলার আসামি বাগমারা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ছিল। নারগিস পারভীন নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল। তবে নির্যাতন করা হয়নি।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘আমি মামলার ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানি না।’