এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টে হাজিরা দিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁরা হাজির হন। ওই ঘটনায় আদালত তাঁদের তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। এ সময় প্রায় চার ঘণ্টার মতো তাঁরা এজলাসকক্ষে দাঁড়িয়ে ছিলেন। জানা যায়, গত বছরের ১৫ আগস্ট মাদীরপুরের রাজৈর থানার বাসিন্দা ভূপেন্দ্রনাথ মল্লিক নির্যাতনের শিকার হন। এ ঘটনায় ওই বছরের ২০ আগস্ট রাজৈর থানায় একটি মামলা করা হয়। তদন্তে অগ্রগতি না হওয়ায় একপর্যায়ে স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে গত ৫ অক্টোবর এসপির হাতে প্রহূত হন তাঁর স্ত্রী শিলা মল্লিক। এ নিয়ে গত ১৮ অক্টোবর ‘মাদারীপুরে স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে এসপির হাতে প্রহূত হলেন গৃহবধূ’ এমন শিরোনামে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে শিলা মল্লিক হাইকোর্টে রিট আবেদন করলে ৪ জানুয়ারি আদালত এ দুই কর্মকর্তাকে ১৩ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন। ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে আইন সচিবকে নির্দেশ দেওয়াসহ রুল জারি করেন আদালত।