পুলিশের দুটি মামলা চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মদনপুর গ্রামে কাশেম জেহাদী বাহিনীর সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনায় গতকাল শনিবার দুটি মামলা করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাশেম জেহাদী বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।পুলিশ জানায়, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. নুর নবী ও এসআই মাহবুব বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ধারী ১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা দুটি করেন। এ ঘটনায় বেলাল হোসেন, ভুলু মিয়া, আবদুল করিম ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই সদর উপজেলার বালাইশপুর গ্রামের বাসিন্দা।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে ওই দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বালাইশপুরে কাশেম জেহাদী ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই বাহিনী পিছু হটে। বিকেল তিনটার দিকে পুলিশ মদনপুরে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে কাশেম জেহাদী বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের পাঁচ সদস্যসহ কমপক্ষে সাতজন গুলিবিদ্ধ হন।