টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পুলিশ আটক করলে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটান। এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের পূর্ব পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের দশম বছর পূর্তি উৎসব চলাকালে কে বা কারা গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশে একটি এবং রাত ১০টায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন ফকির ও ছোটনকে গতকাল দুপুরে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা প্রশাসনিক ভবনে আশ্রয় নেন। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রাখা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সামাজিক অনুষদের ডিন মুহমঞ্চদ উমর ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ভুল- বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিকেলে উভয় পক্ষ বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছে।