পুলিশের ধরপাকড় চলছে ২১ জেলায় আটক ১৭৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিরোধী জোটের নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত ২১ জেলায় অন্তত ১৭৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের প্রায় সবাই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। গ্রেপ্তারের আতঙ্কে বিএনপির অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাড়িতে শনিবার রাতে এবং গতকাল রোববার কয়েক দফা অভিযান চালিয়েছে পুলিশ। তবে ওই সময় তৈমুর আলম বাড়িতে ছিলেন না। পুলিশ অভিযান চালিয়ে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ আটজনকে আটক করেছে। তাঁদের মধ্যে জামায়াতের নেতা-কর্মীও রয়েছেন।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, তৈমুরের বাড়িতে কোনো তল্লাশি চালানো হয়নি। তবে কেউ ফৌজদারি অপরাধে জড়িত থাকলে, সে যে-ই হোক, তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
রাজধানীতে গতকাল হরতাল চলাকালে নাশকতার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন।
বরগুনা জেলা শিবিরের সভাপতি ইফতেজা হাসানসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জেলার আমতলী উপজেলায় ইউপি সদস্যসহ আটক করা হয়েছে বিএনপির চার সমর্থককে।
মেহেরপুর সদর ও গাংনীতে বিএনপির পাঁচ নেতাকে হরতাল চলাকালে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহিল মারুফ ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছারুল হক রয়েছেন।
মেহেরপুর ও গাংনীতে প্রায় ২০ নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
পটুয়াখালী সদর উপজেলায় ১১ জন, মির্জাগঞ্জে সাতজন, বাউফলে চারজন, কলাপাড়ায় দুজন, দশমিনায় দুজন, দুমকিতে একজন ও রাঙ্গাবালী থানায় একজনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের এসব নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ঝিনাইদহ শহরে গতকাল হরতালে পিকেটিং করার সময় যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। পরে তাঁদের এক মাস করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত নেতারা হলেন সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদস্য আরিফ হোসেন এবং ঝিনাইদহ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলায় ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িতে শনিবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় উপজেলা জামায়াতের রুকন নুরুল ইসলাম সরদারসহ জোটের চার নেতাকে আটক করা হয়েছে।
বগুড়ার শেরপুরে আটক হয়েছেন যুবদলের কর্মী শাহিনুর রহমান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান অভিযোগ করেন, পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কসবায় তিনটি ককটেলসহ নাছির উদ্দিন (৩৫) নামে যুবদলের এক নেতাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকায় গতকাল পিকেটিংয়ের সময় যুবদলের নেতাসহ তিনজন আটক হয়েছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় আটক হয়েছে ২০ জন। তাঁরা সবাই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী।
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাঁকোর পাড় স্টেশন থেকে শনিবার রাতে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুরে আটক হয়েছে ১২ জন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরব আলীসহ তিনজনকে আটক করা হয়েছে।
মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে আল আমিনকে তাৎক্ষণিকভাবে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ বাজারে পিকেটিংকালে ছাত্রদলের তিন কর্মী আটক হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলায় আটক হয়েছে পাঁচজন। সিলেটে জামায়াতের নেতা নুরুল হকসহ দলের তিনজন আটক হয়েছে।
এ ছাড়া পিরোজপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের আরও ৪৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পিরোজপুরেই ৩০ জন।