পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগর এলাকায় নজরুল ইসলাম (৩০) নামে এক যুবক গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা গেছেন। এ সময় পুলিশ একই এলাকা থেকে বিভিন্ন অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পুলিশ চাড়িপুর বিসিক শিল্পনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার যুবক একটি ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং চারজনই পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় পুলিশ পুকুর থেকে তুলে নিয়ে তোফায়েল আহমঞ্চদ, মো. লাভলু ও মো. ফারুক ও নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর গ্রামের নূর নবীর ছেলে।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ পুলিশের গ্রেপ্তারের ভয়ে পানিতে পড়ে নজরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবকের বিরুদ্ধে ফেনী থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নজরুলের বাবা নূর নবী অভিযোগ করেছেন, পুলিশ অন্যায়ভাবে তাঁর ছেলেকে ধরে পিটিয়েছে। এতে সে মারা গেছে। তিনি বলেন, তাঁর জানামতে তাঁর ছেলে কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল না।