পুলিশের ধাওয়া খেয়ে আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে গতকাল সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী সর্দারের (৬৫) মৃত্যু হয়েছে।
এর প্রতিবাদে বিজয়নগরের সুন্নি মতাবলম্বী (মাজারপন্থী) বিপুলসংখ্যক মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, চরইসলামপুর গ্রামের সুন্নি মতাবলম্বী ১৬৬ জনের বিরুদ্ধে হওয়া মামলার আসামি ধরতে গতকাল ভোরে পুলিশ ওই গ্রামে যায়। এ সময় পালাতে গিয়ে হাসান আলী পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এতে ক্ষুব্ধ সুন্নি মতাবলম্বীরা দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের চান্দুরা এলাকায় অবরোধ করেন। তাঁরা আওয়ামী লীগের নেতার লাশ নিয়ে বিক্ষোভ করেন। পরে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক সেখানে যান। পরে গ্রেপ্তার হওয়া সুন্নি মতাবলম্বী ১৭ জনের নিঃশর্ত মুক্তি ও হাসান আলীর হত্যাকারীদের বিচারের দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।