পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের চিনিয়াপাড়া এলাকায় জুয়া খেলার আসরে গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে দৌড়াতে গিয়ে পড়ে সৈয়দ রাজু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সৈয়দ রাজু মিয়া নগরের ৩২ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদাপোশাকে একদল পুলিশ চিনিয়াপাড়া এলাকায় ওই জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় পুলিশ জুয়াড়িদের ধাওয়া দেয়। পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াতে গিয়ে সৈয়দ রাজু মিয়া মাটিতে পড়ে মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ওই এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন, ‘লোকমুখে আমিও শুনেছি, জুয়ার আসরে এক ব্যক্তি মারা গেছেন। তিনি হার্টফেল করেছেন বলে মনে হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম গতকাল রাত সোয়া নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই স্থানে কোনো পুলিশ অভিযান চালায়নি। জুয়া খেলার আসরে তাঁদের নিজেদের মধ্যে গন্ডগোলের জের ধরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজু মিয়ার মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।