পুলিশের ধাওয়ায় তরুণের মৃত্যু, ফাঁড়িতে ভাঙচুর
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় গতকাল শনিবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
নিহত ব্যক্তি হলেন হক বাজার এলাকার আনিসুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হারাগাছের হক বাজার এলাকার গণি মার্কটে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন তরুণ পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে আজিজুল ইসলামও ছিলেন। পালানোর সময় তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন। এরপর পুলিশ তাঁকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। কীভাবে মারা গেছেন—এ বিষয়ে তিনি কোনো কিছু বলতে চাননি।
এদিকে রাত নয়টার দিকে আজিজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা হারাগাছ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় সেখানে জনতা পুলিশ ফাঁড়ি ঘিরে রেখেছিল। রংপুর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।
এ বিষযে জানতে চাইলে হারাগাছের নবনির্বাচিত মেয়র হাকিবুর রহমান মুঠোফোনে বলেন, জুয়ার আসরে পুলিশ অভিযান চালালে পালানোর সময় একজন মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালায়। সেখানে কর্তব্যরত পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজিজুল ইসলামের বাবা আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি বুঝে উঠতে পারছি না। আমার ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় এখানকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।’
জানতে চাইলে পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে বিক্ষুব্ধ লোকজন পুলিশ ফাঁড়ি আক্রমণ করলে পুলিশ নিজেদের রক্ষা করতে ফাঁকা গুলি ছুড়েছে। আর আজিজুল কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।