পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম রণজিৎ সাহা (৪০)। তিনি উপজেলার ভবানীপুর গ্রামের রবি সাহার ছেলে। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ একটি জুয়ার আসরে অভিযান চালালে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার গভীর রাতে রণজিৎসহ একদল জুয়াড়ি মাসুমদিয়া উচ্চবিদ্যালয়ের পেছনের একটি আমবাগানে জুয়া খেলছিলেন। খবর পেয়ে আমিনপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর জন্য দৌড়াতে থাকেন। তাঁদের মধ্যে রণজিৎসহ তিন-চারজন পাশের আত্রাই নদে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও রণজিৎ ডুবে যান।

খবর পেয়ে বাড়ির লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। গতকাল বুধবার সকাল সাতটার দিকে তাঁর মৃতদেহ ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করে বাড়ি নিয়ে যান। গতকাল বিকেলে মৃতদেহের সৎকার সম্পন্ন হয়।

স্থানীয় রূপপুর ইউপির চেয়ারম্যান উজ্জ্বল হোসেন বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। তারপরও আমি ঘটনা সম্পর্কে খোঁজ নিয়েছি। মঙ্গলবার রাতে কয়েকজন তাস খেলছিল। তারা পাশ দিয়ে টহল পুলিশের একটি দলকে যেতে দেখে ভয়ে দৌড় দেয়। এতে রণজিৎ দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যান। আমি মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই।’

ভবানীপুর গ্রামের বাসিন্দা ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল সাহা বলেন, লাশ উদ্ধারের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। পুলিশের ধাওয়ায় রণজিতের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তিনি স্থানীয় লোকজনের কাছে শুনেছেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম তাজুল হুদা বলেন, ‘রণজিৎ নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি। কিন্তু এর সঙ্গে পুলিশের ধাওয়া বা অভিযানের কোনো রকম সম্পর্ক নেই। হতে পারে তারা টহল পুলিশের দল দেখে হয়তো নিজেরাই দৌড় দিয়েছে। তবে এ বিষয়টিও আমাদের অজানা। মৃত ব্যক্তির স্বজনেরা লাশ উদ্ধার করে সৎকার করেছে বলে আমরা জেনেছি।’