পুলিশের ধাওয়ায় বিএনপির নেতার মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে মামুন (২৫) নিহত হওয়ার জের ধরে গত মঙ্গলবার রাতে বিভিন্ন বাড়ি ও দোকানপাটে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপির নেতা আবুল খায়ের (৬০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গিয়াস উদ্দিনের মৃত্যুর খবর পৌঁছানোর পরই কোম্পানীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে ক্ষুব্ধ দলীয় কর্মীরা সিরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমানের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ এবং বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াত-সমর্থকদের বেশকিছু দোকানপাটে হামলা-ভাঙচুর চালান বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার ও জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন দাবি করেছেন। তবে হামলা-ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান।
অপরদিকে, সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আতর আলী পণ্ডিত বাড়ির কামাল হোসেন জানান, গতকাল ভোর পাঁচটার দিকে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। পুলিশ দেখে তাঁর চাচা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের ঘরের পেছনের দরজা দিয়ে দৌড় দেন। তিনি জানান, তাঁর চাচা বাড়ির পেছনের ধানখেতের মাঝামাঝি যাওয়া মাত্র সেখানে অসুস্থ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কামাল অভিযোগ করেন, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই তাঁর চাচা মারা গেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতার মৃত্যুর ঘটনার জের ধরে একটি বাড়িতে ও দোকানে হামলা-অগ্নিসংযোগের কথা তিনি শুনেছেন। পুলিশের ধাওয়া খেয়ে বিএনপির নেতার মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন ওসি। তিনি বলেন, ‘ওই ব্যক্তি তো আমাদের আসামি নয়, আমরা সেখানে অভিযান চালাব কেন?’