নোয়াখালীর চাটখিলে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলছে, তাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা।
নিহত গৃহবধূর নাম শাহনাজ আক্তার ওরফে অপু (২২)। তিনি ওই গ্রামের সৌদিপ্রবাসী মো. শিপনের স্ত্রী। তাঁদের ১৫ মাস বয়সী এক ছেলে রয়েছে।
গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হলেও অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। নিহত শাহনাজের চাচা জাহাঙ্গীর আলমের ভাষ্য, প্রায় তিন বছর আগে ফতেহপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. শিপনের (৩৫) সঙ্গে তাঁর বড় ভাই গোলাম কিবরিয়ার মেয়ে শাহনাজের বিয়ে হয়। তাঁদের বাড়ি হাটপুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাটলাবাদ গ্রামে। তাঁর দাবি, বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে শাহনাজের ওপর নির্যাতন চালাত। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, নির্যাতনের কারণে কয়েক মাস আগে শাহনাজকে তাঁরা বাড়ি নিয়ে আসেন। প্রায় দুই সপ্তাহ আগে শাহনাজের শাশুড়ি ও দেবর এসে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না এ আশ্বাস দিয়ে তাঁর ভাতিজিকে নিয়ে যান। কিন্তু দু-তিন দিন যাওয়ার পর আবারও তাঁর ওপর নির্যাতন শুরু করে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে মুঠোফোনে শাহনাজ তাঁর মাকে নির্যাতনের বিষয়টি জানান এবং তাঁকে উদ্ধার করার আকুতি জানান।
অভিযোগের বিষয়ে শাহনাজের শ্বশুরবাড়ির কারও বক্তব্য পাওয়া যায়নি।
নিহত গৃহবধূর চাচা বলেন, তিনি ওই বাড়িতে যাওয়ার আগেই জানতে পারেন শাহনাজ মারা গেছেন। যাওয়ার পর তাঁকে লাশ দেখতে দেওয়া হয়নি। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। থানায় গিয়ে শাহনাজের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে তা নিতে অস্বীকার করে। পরে বিকেলে লিখিত অভিযোগ নিলেও কোনো অনুলিপি দেয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকেবলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবার লিখিত অভিযোগ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।