পুলিশের নজরদারি জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী জামায়াত-শিবিরের আকস্মিক তাণ্ডবের জের ধরে স্থানীয় পুলিশ প্রশাসন নগরে গোয়েন্দা ও অভিযান জোরদার করেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশ অভিযান চালাবে। নিরাপত্তা চৌকি (চেকপোস্ট) বসিয়ে তল্লাশি অভিযান চালানো হবে। পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ছাত্রশিবিরের আকস্মিক কর্মসূচি পালনের সময়ে নগরে গাড়ি ভাঙচুর করা হয়। তাদের মারমুখী আচরণের কারণে পথচারী তথা বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। পুলিশের ওপর হামলা চালানো হয়। এ কারণে নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।চট্টগ্রাম নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবির আকস্মিক মিছিল থেকে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী সতর্ক আছে। বিশেষ করে রাতে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে নাশকতার পকিল্পনা নস্যাৎ করা যায়।