পুলিশের নজরদারিতে কুমিল্লার ৪৭৩ তালিকাভুক্ত সন্ত্রাসী
পুলিশের নজরদারিতে রয়েছে কুমিল্লার ৪৭৩ জন তালিকাভুক্ত সন্ত্রাসী। এর বাইরে নাশকতা সৃষ্টি করতে পারে—এমন ব্যক্তিদের প্রতিও নজরদারি বাড়িয়েছে পুলিশ। চলমান রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার আশঙ্কাকে কেন্দ্র করে পুলিশ ওই তৎপরতা চালাচ্ছে বলে দায়িত্বশীল একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ১৬ থানায় তালিকাভুক্ত সন্ত্রাসীর সংখ্যা ৪৭৩ জন। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১৩ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৫৫, চৌদ্দগ্রামে ৩৭, নাঙ্গলকোটে ১৫, লাকসামে ১৮, চান্দিনায় ২০, বুড়িচংয়ে ৪৭, দেবীদ্বারে ২৭, দাউদকান্দিতে ২৭, মনোহরগঞ্জে ১০, মুরাদনগরে ৩৬, ব্রাহ্মণপাড়ায় ৭, তিতাসে ১২, বরুড়ায় ১৮, মেঘনায় ১৬ ও হোমনাতে ১৫ জন। তালিকায় প্রধান দুই রাজনৈতিক দলের সাবেক ছাত্রনেতা, কাউন্সিলর, অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রবাজ ঠিকাদার ও মাদক ব্যবসায়ীরা রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচির সুযোগে ওই সন্ত্রাসীরা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে নিজ দলের পক্ষে অবস্থান নিয়ে অস্ত্রবাজিও করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ওই তালিকাভুক্ত সন্ত্রাসীদের প্রতি বিশেষ নজর রাখছে।
এদিকে গত ২৮ অক্টোবর দুপুর আনুমানিক ১২টায় নগরের কাপড়িয়াপট্টির নব ক্লথ স্টোরের সামনে সাদা গেঞ্জি, নেভি ব্লু জিনসের প্যান্ট ও মাথা-মুখে হলুদ গামছা মুড়িয়ে বাঁ হাতে রাইফেল নিয়ে প্রতিপক্ষকে তাড়া করছিলেন এক যুবক। ওই ঘটনার পর মামলা হলেও পুলিশ এখনো সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি। আইন প্রয়োগকারী সংস্থা এসব অস্ত্রধারীকে গ্রেপ্তারের ব্যাপারে তৎপর নয় বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, অস্ত্রধারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে জামিনে রয়েছে—এমন তালিকাভুক্ত সন্ত্রাসীদের প্রতিও পুলিশ সজাগ রয়েছে।
জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, সামনের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তালিকাভুক্ত সন্ত্রাসীদের নতুন তালিকা করা হবে। পুলিশ তালিকাভুক্ত সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রেখেছে।