পুলিশের নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার পুলিশের নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। বেলা তিনটায় জেলা সার্কিট হাউসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এই নয়জন কর্মকর্তা জেলা পুলিশের গঠিত ১২ সদস্যের তদন্ত কমিটিতে আছেন। এর আগে তদন্ত কমিটি পুলিশের অপর তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।
এই নিয়ে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি আট দফায় সাক্ষ্য নিল।
তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন তত্কালীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, প্রত্যাহার করা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) আজীম উল আহসান, সহকারী পুলিশ সুপার (খ-অঞ্চল) জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ও বন্দর থানার ওসি আখতার মোর্শেদ। তাঁরা জেলা সার্কিট হাউসে হাজির হয়ে সাক্ষ্য দেন।