পুলিশের কর্মকর্তা ও সদস্যদের নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘১৮টি আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রকল্পটি পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে।
জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও কুমিল্লা শহরে টাওয়ার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। বাজেটের অর্থায়নে ঢাকা মহানগরে আটটি আবাসিক টাওয়ার ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া বাহিনীর আবাসন-সংকট নিরসনে সব জেলায় নারী ও পুরুষ ব্যারাক সম্প্রসারণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রশ্নে গোলাম মোস্তফা জানতে চান, পুলিশের সদস্যরা জঙ্গি ও সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। তাঁদের ও তাঁদের পরিবারের নিরাপত্তায় বাসা-বাড়ি নির্মাণ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না?
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে, এমন ব্যক্তিদের গতিবিধি লক্ষ রাখা হচ্ছে। জঙ্গিবাদের অর্থের জোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া পর্যটন এলাকায় বিদেশি পর্যটকদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রকল্প এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশিদের নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরে সড়কের পাশে গড়ে ওঠা মার্কেট, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রায়ই অবৈধভাবে গাড়ি পার্কিং করা থাকে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। এসব গাড়ির বিরুদ্ধে পুলিশ আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। তবে এসব মার্কেট, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে কেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাজউকের।
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ বাহিনীর মঞ্জুর করা জনবল ১ লাখ ৬৯ হাজার ১৩১ জন। দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের এই জনবল যথেষ্ট নয়। বর্তমান সরকার পুলিশের ৫০ হাজার জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৪১টি পদ সৃজন করা হয়েছে। অবশিষ্ট পদ সৃজনের কাজ প্রক্রিয়াধীন আছে।
মোয়াজ্জেম হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের সব জেলায় রেললাইন নির্মাণ করা হবে। যেসব জেলায় রেললাইন নেই, সেখানে নতুন রেললাইন স্থাপন করা হবে। আর যেসব জেলায় রেললাইন আছে, সেসব লাইন সংস্কার করা হবে।
দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বে রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে। তিনি বলেন, বাংলাদেশ জেন্ডার-সংশ্লিষ্ট এমডিজি অর্জনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বে অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৫’ অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৪তম, যা আগের কয়েক বছরের চেয়ে ১৭ ধাপ এগিয়ে। বর্তমান সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই নারী সমাজের উন্নয়নে কাজ করেছে।
গতকাল সন্ধ্যার আগে পর্যন্ত অধিবেশনকক্ষে সাংসদদের উপস্থিতি ছিল কম। এ সময় সামনের সারিতেও উপস্থিতি কম ছিল। তবে মাগরিবের নামাজের পর উপস্থিতি অনেক বাড়ে এবং সামনের সারির সদস্যদের অনেকে আসেন।