পুলিশের নিরাপত্তায় স্কুলে গেল সেই ছাত্রী
পুলিশের নিরাপত্তায় বিদ্যালয়ে গেল ‘যৌন নির্যাতনের পর সালিসের উল্টো বিচারের শিকার’ নেত্রকোনার সেই ছাত্রী। গতকাল রোববার দুপুরে পুলিশ গাড়িতে করে তাকে বিদ্যালয়ে নিয়ে যায়। এতে ওই ছাত্রী কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি। কারণ, পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি।
ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। রতন মিয়া নামের নেত্রকোনার বর্নি গ্রামের এক যুবক ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে।
গত বৃহস্পতিবার এ নিয়ে সালিস বৈঠকে গ্রামের মাতবরেরা ছাত্রীকে দোষী সাব্যস্ত করেন। তাকে ও তার বাবাকে বেত মারা এবং মাথা ন্যাড়া করে গলায় জুতা পরিয়ে গ্রাম ঘোরানোর সিদ্ধান্ত নেন মাতবরেরা। কিন্তু বিচার মেনে না নেওয়ায় রতন ও তাঁর সহযোগীরা ছাত্রীর বাবা ও মামাকে বেধড়ক মারধর করেন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে রতন মিয়াসহ নয়জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। এ নিয়ে প্রথম আলোয় গত শনিবার ‘নেত্রকোনায় মাতবরদের উল্টো বিচার’ ও গতকাল ‘মাথা ন্যাড়া করতে নয়, বেত মারতে বলেছিলাম’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশের পক্ষ থেকে ওই ছাত্রী ও তার পরিবারকে সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ওই ছাত্রীর পরিবার জানায়, এসব ঘটনার কারণে আতঙ্কে ওই ছাত্রী প্রায় এক সপ্তাহ বিদ্যালয়ে যেতে পারেনি। এর মধ্যে গতকাল বেলা ১১টার দিকে নেত্রকোনা মডেল থানার কয়েকজন পুলিশ গাড়ি নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যায়। পুলিশ গাড়িতে করেই ছাত্রীকে বিদ্যালয়ে পৌঁছে দেয়।
নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে।’ ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা করা হবে।
ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, মেয়ে বিদ্যালয়ে যেতে পেরেছে, এতে তাঁরা খুশি। কিন্তু আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত। প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হয় বলে এ আতঙ্ক আরও বেশি।