পুলিশের নির্দেশ অমান্য করে ইটভাটা নির্মাণের কাজ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের নির্দেশ উপেক্ষা করে ময়মনসিংহ সদর উপজেলার কোকিল গ্রামে নির্মাণাধীন সেই ইটভাটার কাজ চলছে। গতকাল সোমবার পুলিশ ইটভাটায় গিয়ে কাজ বন্ধ এবং থানায় প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর নির্দেশ দেয়। এদিকে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া গতকাল সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাসিনা বেগমকে বিষয়টির যথাযথ তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন ও জেলা প্রশাসকের কাছে জেনে কাজ বন্ধ করে কাগজপত্র দেখানোর জন্য ইটভাটার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।’ ১৫ আগস্ট প্রথম আলোয় ‘অনুমতি ছাড়াই ইটভাটা নির্মাণ চলছে, প্রতিবাদে মানববন্ধন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।