পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
barisal
barisal

বরিশালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) ছাত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মো. সিরাজ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিরাজ মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের নির্যাতনে সিরাজের মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুর প্রমাণপত্রে (ডেথ সার্টিফিকেট)শারীরিক নির্যাতনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ করেছেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্র জানায়, ৪ ডিসেম্বর সিরাজ ও তাঁর আরেক সহযোগী হাফিজ আকনকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ ডিসেম্বর সিরাজ ও হাফিজকে আদালতে হাজির করা হলে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাঁরা ধর্ষণের পর ওই ছাত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালত সিরাজকে কারাগারে ও হাফিজ কিশোর হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠান।

হাসপাতাল সূত্র জানায়, ৮ ডিসেম্বর সিরাজ অসুস্থ হলে ওই দিন রাত ৮টা ১০ মিনিটে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজের মৃত্যু হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুস্তাফিজুর রহমান গতকাল রোববার বলেন, প্রাথমিকভাবে তাঁদের কাছে মনে হয়েছে, শারীরিক আঘাতের কারণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন করা হয়েছিল কি না এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, যেহেতু আসামি নিজ থেকেই জিজ্ঞাসাবাদে ধর্ষণ শেষে ওই ছাত্রীকে হত্যার দায় স্বীকার করেছে, তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে পুলিশ তাকে নির্যাতন করেনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পুরোটা বলা যাবে। পুলিশ কমিশনার আরও বলেন, এই মৃত্যুর ঘটনায় তাঁরা তদন্ত কমিটি গঠন করবেন।

তবে সিরাজের বাবা মো. ইব্রাহিম মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বাড়ি থেকে পুলিশ যখন আমার ছেলেকে গ্রেপ্তার করে, তখন সে সুস্থই ছিল। আমার ধারণা, গ্রেপ্তারের পর পুলিশ নির্যাতন করায় ছেলের মৃত্যু হয়েছে।’

বরিশাল নগরের ডেফুলিয়া এলাকার ওই ছাত্রী গত ১৯ নভেম্বর আইএইচটিতে যেতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ২২ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় তাঁর বাবা একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। জিডির সূত্র ধরে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল ওহাব এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজ ও হাফিজকে গ্রেপ্তার করেন।

৫ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সিরাজ স্বীকার করেন, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে ১৯ নভেম্বর ছাত্রীটিকে বরিশাল থেকে মঠবাড়িয়ায় নিয়ে যান তিনি। মঠবাড়িয়ায় নিয়ে রাত নয়টার দিকে বড়মাছুয়া এলাকায় বলেশ্বর নদের পাড়ে নিয়ে সিরাজ, নাজমুল ও হাফিজ মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে তিনজন মিলে তাঁকে গলা টিপে হত্যা করেন এবং লাশ বলেশ্বর নদে ফেলে দেন। তবে এখন পর্যন্ত মেয়েটির লাশের সন্ধান পাওয়া যায়নি।
এ নিয়ে ৬ ডিসেম্বর প্রথম আলোতে ‘ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার পর লাশ ফেলা হয় নদে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।