রাজধানীর মিরপুর থানার পুলিশের হেফাজতে মাহবুবুর রহমান ওরফে সুজন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে গত শনিবার মধ্যরাতে ধানমন্ডির শঙ্করের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ঝুট ব্যবসায়ী মাহবুবুরকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে।
মাহবুবুরের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানকে গতকাল রোববার রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এ ঘটনায় একজন অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পুলিশ দাবি করেছে, শাহ আলী থানার সন্ত্রাসী তালিকায় মাহবুবুরের নাম ছিল ৫১ নম্বরে।
মিরপুরের কয়েকজন ব্যবসায়ী জানান, শীর্ষ সন্ত্রাসী শাহাদতের হয়ে চাঁদা তুলতেন মাহবুবুর। তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে প্রথম আলোতেও তাঁর নাম ছাপা হয়েছিল। গতকাল সকালে মিরপুর থানার পুলিশ মাহবুবুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বিকেলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মিরপুর থানার এসআই আফজাল হোসেন সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মাহবুবুরের দুই হাত, মাথার পেছনে এবং দুই হাঁটুতে কালো দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাহবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর থানার এসআই জাহিদুর রহমানের নেতৃত্বে একটি দল তাঁদের শঙ্করের বাসায় এসে অস্ত্রের খোঁজে জিনিসপত্র তছনছ করে। পুলিশ একপর্যায়ে মাহবুবুরসহ তাঁকে (মমতাজ) টেনেহিঁচড়ে গাড়িতে তুলে শাহ আলী থানায় নেয়। কিছুক্ষণ পর তাঁকে শাহ আলী থানায় রেখে পুলিশের ওই দলটি মাহবুবুরকে নিয়ে চলে যায়। তিনি গতকাল সকালে শাহ আলী থানায় থাকা অবস্থায় পুলিশ তাঁকে জানায়, মাহবুবুরের মৃত্যু হয়েছে। মাহবুবুরের কাছ থেকে ১০টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। দুপুরে তাঁকে (মমতাজ) ছেড়ে দেয় পুলিশ।
মমতাজের অভিযোগ, শাহ আলী থানায় থাকা অবস্থাতেই এসআই জাহিদুর পাশের একটি কক্ষে নিয়ে মাহবুবুরকে মারধর করেন। তিনি ওই সময় চিৎকার শুনেছিলেন। পুলিশ বাসা থেকে তাঁদের দুজনকে আটক করে আনার সময় গুলি-ম্যাগাজিন পায়নি। ছাড়া পাওয়ার পর তিনি পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারকে বিষয়টি জানান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বলেন, মাহবুবুর মিরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চলছিল। শনিবার জাকির ও মিঠুন নামে তাঁর দুই সহযোগী ১৪৫টি ইয়াবা বড়িসহ মিরপুর থেকে গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদে তাঁরা মাহবুবুরের অবস্থান সম্পর্কে তথ্য দেন। এরপর শনিবার রাতে দুটি ম্যাগাজিন, ১০টি গুলিসহ মাহবুবুরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাহবুবুর জানান, তিনি একজনের কাছে অস্ত্র রেখেছেন। পুলিশ তাঁকে নিয়ে সেই অস্ত্র উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় থানাহাজতেই মাহবুবুরের শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে মাহবুবুরের খালাতো ভাই অপু চাকলাদার জানান, পুলিশ বলছে মাহবুবুর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু এর আগে কখনো তাঁর শ্বাসকষ্টের কথা তিনি শোনেননি। তিনি দাবি করেন, শাহ আলী এলাকার ই ব্লকের স্থায়ী বাসিন্দা ছিলেন মাহবুবুর। মিরপুর থানার এসআই জাহিদুরের সঙ্গে কয়েক বছর আগে মাহবুবুরের পরিচয় হয়। এসআই জাহিদুর বিভিন্ন সময়ে মাহবুবুরের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা নিতেন। চাহিদামতো চাঁদা না দিলেই গ্রেপ্তারের ভয় দেখাতেন। ওই এসআইয়ের অত্যাচারে একপর্যায়ে স্থায়ী ঠিকানা ছেড়ে ১০ মাস আগে শঙ্করে বাসা ভাড়া নেন মাহবুবুর। এর পরও শেষ রক্ষা হলো না। সেখান থেকে তাঁকে ধরে এনে নির্যাতন করে হত্যা করেছেন জাহিদুর। মাহবুবুরের দুটি শিশুসন্তান রয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, মাহবুবুরের বিরুদ্ধে শাহ আলী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। মিরপুর থানা এর আগেও তাঁকে একবার গ্রেপ্তার করেছিল। এরপর তিনি গ্রেপ্তার এড়াতে মিরপুরের বাইরে বসবাস শুরু করেন। শনিবার রাতে বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছিল। সংশ্লিষ্টতা না পেয়ে স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। মাহবুবুরের স্ত্রীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, মাহবুবুরের স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর অভিযোগ খতিয়ে দেখতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জসিম উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এসআই জাহিদুরকে ক্লোজড করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশের কারও কোনো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না।