পুলিশের নির্যাতনে তরুণের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনির ডাসার থানা-পুলিশের নির্যাতনে শাহিন মোল্লা (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত শনিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহিন মারা যান৷
ওই তরুণের পরিবারের সদস্যদের অভিযোগ, ঘুষের টাকা না দেওয়ায় পুলিশ শাহিনকে নির্যাতন করে হত্যা করেছে৷ শাহিন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মোস্তফা মোল্লার ছেলে৷ তিনি সালতা বন্দরে কম্পিউটারের ব্যবসা করতেন৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুন রাত সাড়ে আটটার দিকে গৌরনদীর মেদাকুলের নাইয়ারবাড়ি সেতুর ওপর আড্ডা দেওয়ার সময় শাহিন এবং তাঁর বন্ধু মুকিত আকন ও শাহ আলমকে গ্রেপ্তার করেন ডাসার থানার এসআই নাজমুল হাসান৷
শাহিনের বড় ভাই মনির মোল্লা অভিযোগ করেন, এসআই নাজমুল হাসান আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের চর নজরুল ইসলামের মাধ্যমে অভিভাবকদের খবর দেন৷ খবর পেয়ে অভিভাবকেরা থানায় উপস্থিত হন৷ তখন এসআই ওই তিনজনকে ছেড়ে দিতে ৭৫ হাজার টাকা ঘুষ দাবি করেন৷ রাতেই মুকিত ও শাহ আলমের পরিবারের লোকজন ৫০ হাজার টাকা ঘুষ দিয়ে দুজনকে ছাড়িয়ে নেন৷ ঘুষ দিতে না পারায় শাহিনকে পরের দিন ৯ জুন একটি মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়৷ ১০ জুন তিনি (মনির) শাহিনের সঙ্গে কারাগারে দেখা করেন৷ শাহিন তাঁকে জানান, ঘুষের টাকা না দেওয়ায় থানাহাজতে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়৷ মনির বলেন, শনিবার কারাগারের ভেতরে শাহিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে৷ সেখানে রাত ১০টার দিকে শািহন মারা যান৷
এসআই নাজমুল হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে৷ উৎকোচ কিংবা নির্যাতনের অভিযোগের কোনো সত্যতা নেই৷’