
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্ত্রীসহ বাড়ির চারজনকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক শামীম রেজা পুলিশের নির্যাতনে মারা গেছেন। পুলিশ সদর দপ্তর থেকে গঠিত কমিটির প্রাথমিক তদন্তে পুলিশ হেফাজতে নির্যাতনে তাঁর মৃত্যুর প্রমাণ মিলেছে।শামীমকে নির্যাতন করে হত্যার অভিযোগে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষকে গতকাল রোববার প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) উত্তম প্রসাদকে তদন্ত চলাকালে শাস্তিমূলক অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে।পুলিশ সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) খন্দকার গোলাম ফারুক প্রথম আলোকে জানান, ‘আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে এবং অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শামীমকে পুলিশ ছয় দিন আটকে রেখেছিল। তাঁকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদারকে পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ে এবং এসআই পল্টু ঘোষকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার উত্তম প্রসাদকে তাৎক্ষণিক অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। শামীমের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির আরেক সদস্য প্রথম আলোকে বলেন, ‘সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান শামীমকে নির্যাতনের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলেন। চার খুনের মামলার আসামি করার হুমকি দিয়ে ওসির বাসায় আটক রেখে ও নির্যাতন করে অনেকের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছি। ওসির বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’তবে শামীমের বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, ওসি আতিকুর রহমানের বাড়ি মাদারীপুর। তাঁকে বাঁচাতে মাদারীপুরের সরকারদলীয় একজন সাংসদ বিভিন্ন স্থানে তদবির করছেন। তিনি থানায় বহাল থাকলে এই মামলার সুষ্ঠু তদন্ত হবে না।
শামীমের স্ত্রী সাবিকুন নাহার অভিযোগ করেন, ‘ওসির বাসায় নির্যাতন করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। অথচ ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এএসপি উত্তম প্রসাদ আমার স্বামীকে নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত। তাঁর বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে তাঁদের বরখাস্ত করে গ্রেপ্তার করতে সরকারের কাছে দাবি জানাই।’
নাম প্রকাশে অনিচ্ছুিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোর কাছে স্বীকার করেন, ওই সাংসদের হস্তক্ষেপের কারণে তাঁরা ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। এদিকে শামীমকে ওসির বাসায় আটকে নির্যাতন করে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো প্রতাপের চরে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিক্ষোভকারীরা পরিদর্শক অরূপ তরফদার, সহকারী পুলিশ সুপার উত্তম প্রসাদ, ওসি আতিকুর রহমান ও এসআই পল্টু ঘোষের ফাঁসি দাবি করেন। শামীমের বড় ভাই ইকবাল হোসেন বলেন, ‘পুলিশের নির্যাতনে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত। আমার ভাই হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ওসি আতিকুর রহমানকে থানায় বহাল রেখে তদন্ত করা মোটেই সম্ভব না। ওসি প্রতিদিনই নিজস্ব লোক দিয়ে আমাদের পরিবারের সদস্যদের ও তদন্ত কমিটির কাছে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে। অবিলম্বে ওসি আতিকুরকে প্রত্যাহার করতে হবে।