পুলিশের নির্যাতনের প্রতিবাদে অবরোধ
কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে এক যুবককে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আসামি না হওয়ার পরেও হাতকড়া পরিয়ে মাদকাসক্ত প্রমাণের জন্য তাঁকে হাসপাতালে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার সাচাইল গ্রামের শফিকুল ইসলাম (৩২) তাঁর এক আত্মীয়ের জব্দ করা ব্যাটারিচালিত ইজিবাইকের বিষয়ে কথা বলতে থানায় যান। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতান আজমকে ইজিবাইকটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি শফিকুলকে লাঠি দিয়ে পিটিয়ে থানাহাজতে আটকে রাখেন।
প্রায় এক ঘণ্টা পর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শফিকুল মাদক সেবন করেছেন, এমন অভিযোগে তাঁকে হাতকড়া লাগিয়ে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর শফিকুলের শরীর পরীক্ষা করে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় প্রতিবেদন পাঠানো হয়েছে।
শফিকুলকে মারধর করার ঘটনার জের ধরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা দেড়টার দিকে তাঁরা উপজেলা সদরের মাদ্রাসা মার্কেটসংলগ্ন সড়ক অবরোধ করেন। প্রায় ২০ মিনিট পর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়ার মধ্যস্থতায় অবরোধ তুলে নেন তাঁরা।
শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পুলিশ বিনা কারণে আমাকে মারধর করে এক ঘণ্টা হাজতে ঢুকিয়ে রাখে। পরে মাতাল সাজানোর জন্য ওসি আমাকে হাসপাতালে পাঠায়। আমরা গরিব বলে কি আমাদের মানসম্মান নাই?’
এ ব্যাপারে সুলতান আজম বলেন, ‘শফিকুলকে মারপিট করা হয়নি। সে থানায় এসে খারাপ আচরণ করায় ধমক দেওয়া হয়েছে।’
তাড়াইল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শফিকুল থানায় এসে খারাপ আচরণ করায় তাঁকে ধমক দেওয়া হয়েছে। মারপিট করা হয়নি। মাদকাসক্ত সাজানোর পাঁয়তারা প্রসঙ্গে তিনি বলেন, শফিকুলের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। ঘটনাটি দুঃখজনক। আজ (গতকাল) রাতে এ নিয়ে বসব।’