পুলিশের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে প্রতিবেদন দিতে বলেছে।
সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুন্সী বলেন, অভিজিৎ হত্যার পর বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ পুলিশের উপস্থিতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সদস্যরা কেন নিষ্ক্রিয় ছিলেন, কমিটি তা পুলিশ বিভাগের কাছে বিস্তারিত জানতে চেয়েছে।
বৈঠক সূত্র জানায়, আলোচ্যসূচিতে অভিজিৎ হত্যার বিষয়টি ছিল না। অনির্ধারিতভাবে সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। জবাবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জানানোর কথা বলা হয়।
টিপু মুন্সীর সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, মোজাম্মেল হোসেন, শামসুল হক, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী এবং পুলিশের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।