পুলিশের নিষ্ক্রিয়তায় রামুর ঘটনা ভয়াবহ রূপ পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মনে করছে বিএনপির তদন্ত দল। একই সঙ্গে পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তায় এ ঘটনা ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন বৌদ্ধমন্দিরে হামলার ঘটনা খতিয়ে দেখতে বিএনপি গঠিত তদন্ত দল গতকাল শুক্রবার রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিএনপির তদন্ত দলের আহ্বায়ক মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘সরেজমিনে পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য শুনে ও ঘটনার আলামত পর্যালোচনা করে আমরা নিশ্চিত যে ঘটনাটি পরিকল্পিত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা ছিল রহস্যজনকভাবে নীরব।’ তিনি বলেন, কক্সবাজার থেকে রামুর দূরত্ব মাত্র আধা ঘণ্টার পথ। গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে সহিংসতার সূত্রপাত ঘটে এবং রাত দেড়টার সময়েও অনেক বৌদ্ধবিহার ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। কিন্তু তখন পর্যন্ত জেলা শহর থেকে প্রশাসন বা পুলিশের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে যাননি বলে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে তাঁদের তদন্ত দলটি গতকাল সকালে রামু পৌঁছায়। দলটির অপর সদস্যরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া। এ ছাড়া দলের সঙ্গে স্থানীয় সাংসদ লুৎফুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।বিএনপির নেতারা ক্ষতিগ্রস্ত সীমা বিহারসহ অন্যান্য বৌদ্ধমন্দির ও বিভিন্ন বসতবাড়ি পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টায় তাঁরা সেখানকার বৌদ্ধভিক্ষু, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। বিএনপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং ধর্মীয় গুরুদের অভয় ও বিপদে পাশে থাকার আশ্বাস দেন।প্রথম আলোর উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় বিএনপির তদন্ত দলটি উখিয়ায় ক্ষতিগ্রস্ত দুটি বৌদ্ধমন্দির মরিচ্যা দীপাংকুর বৌদ্ধ বিহার ও রাজাপালং জাদিমুরা প্রাচীন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। আজ শনিবার টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।