পুলিশের পক্ষে চিহ্নিত অপরাধীদের মানববন্ধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি দৈনিকে সংবাদ প্রকাশের জের ধরে গতকাল সোমবার অপরাধীরা মানববন্ধন করেছে। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করে ব্যর্থ হয়। তবে অপরাধীদের এমন কর্মসূচির প্রতিবাদে এলাকাবাসীও সড়ক অবরোধের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এলাকার চিহ্নিত মাদকসেবী, জুয়াড়ি, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতিতে মানববন্ধন করে। এসব অপরাধীর বিরুদ্ধে পুলিশের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করে। পরে এলাকার ছাত্র-যুবক ও ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
এদিকে অপরাধীদের এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তারা সরে দাঁড়ায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত শনিবার নানা অভিযোগে মানবজমিনে এসআই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় তাঁর পক্ষ নিয়ে এলাকার চিহ্নিত ওই অপরাধীরা ওই কর্মসূচি পালন করে। ওই কর্মসূচিতে অপরাধীদের নেতৃত্বে ছিল নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকার একাধিক ডাকাতি মামলার আসামি মনির খান ওরফে মইন্যা ডাকাত, সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের মো. ইউসুফ মিয়া ওরফে গুছা ইউসুফ। কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন অপরাধী অংশ নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, তাদের (অপরাধীদের) কর্মসূচির সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।’