পুলিশের পদক প্রাপ্তিতে 'হেফাজত ইস্যু' শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে স্বল্পসংখ্যক ফোর্স ও অফিসার নিয়ে হাজার হাজার উচ্ছৃঙ্খল হেফাজত কর্মীকে কোনো রকম রক্তপাত তথা অপ্রীতিকর ঘটনা ছাড়াই মতিঝিল শাপলা চত্বরে পাঠাতে সক্ষম হন। তিনি জীবন বাজি রেখে হাজার হাজার উগ্রপন্থী মৌলবাদী হেফাজত কর্মীদের আস্তানায় (লালবাগ মাদ্রাসায়) অবস্থানকারী আহমদ শফীর সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা করেন। একপর্যায়ে তাঁর ব্যক্তিগত টাকা দিয়ে বিমানের টিকিট কাটান এবং নিজের গাড়িতে করে আহমদ শফীকে হজরত শাহজালাল বিমানবন্দরে ও সেখান থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফেরত পাঠান এবং দেশবাসীকে আশ্বস্ত করেন।’
পুলিশের সম্মানসূচক ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম) পাওয়া লালবাগ বিভাগের উপকমিশনার হারুন-অর-রশীদের কৃতিত্বপূর্ণ কাজের তালিকায় এভাবেই তাঁর কৃতিত্বের বর্ণনা দেওয়া হয়েছে।
শুধু হারুন নন, ‘হেফাজতবিরোধী অভিযান’ এই বছর সর্বোচ্চ ২০ জন পুলিশ কর্মকর্তাকে সম্মানসূচক পদক এনে দিয়েছে। এ ছাড়া গত বছর বিএনপি-জামায়াতের হামলায় নিহত ও আহত পুলিশ কর্মকর্তারাও উল্লেখযোগ্যসংখ্যক পদক পেয়েছেন।
পুলিশ সপ্তাহ-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেন। মরণোত্তর পদক পাওয়াদের পরিবারের সদস্যরা পদক গ্রহণ করেন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এই অনুষ্ঠান হয়। ‘পদক পেলেন যাঁরা’ নামের একটি প্রকাশনাও অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সরবরাহ করা হয়। যে কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাঁরা পদক পেলেন, তাতে তার বিবরণ দেওয়া আছে।
গত বছর কর্তব্যকালীন নিহত ১৬ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য সর্বোচ্চ পদক বিপিএম-সাহসিকতা পেয়েছেন। এঁদের মধ্যে ১৫ জনই বিএনপি-জামায়াত ও হেফাজতের হামলায় নিহত হয়েছেন। একজন ডাকাত ধরতে গিয়ে হামলায় নিহত হয়েছেন।
আর সেবার জন্য বিপিএম পদক পাওয়া ২০ জন কর্মকর্তার মধ্যে (সবাই অতিরিক্ত পুলিশ সুপারের ওপরের পদের) ১১ জনেরই কৃতিত্বপূর্ণ কাজের তালিকায় ‘হেফাজত অভিযান’ উঠে এসেছে। এঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানও রয়েছেন।
সাহসিকতার জন্য পিপিএম পাওয়া ২৯ জনের মধ্যে ১৮ জনই গত বছর কর্তব্যকালীন বিএনপি-জামায়াত ও হেফাজতের হামলায় আহত হয়েছিলেন, বোমা-পেট্রলের আগুনে ঝলসে গিয়েছিলেন।
এর বাইরে ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ার পেছনে মূল ভূমিকা রাখা দুই কর্মকর্তা মো. আলাউদ্দীন ও হেলালউদ্দীন ভূঁইয়াও এই পদক পেয়েছেন। এই দুই কর্মকর্তাকে ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করে নির্যাতনেরও অভিযোগ উঠেছিল।
সেবার জন্য পিপিএম পাওয়া ৪০ জনের মধ্যে নয়জন হেফাজত অভিযানে যুক্ত ছিলেন বলে তাঁদের কৃতিত্বপূর্ণ কাজের তালিকায় উল্লেখ করা হয়েছে।
সাভারের রানা প্লাজায় আটকে পড়া শিল্প পুলিশের দুই সদস্যও এবার পিপিএম সেবা পদক পেয়েছেন। রানা প্লাজা ধসে পড়ার কিছু আগে ফাটল ধরা ভবনটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে তাঁরা ওই ভবনের ভেতরে ঢুকেছিলেন।