পুলিশের পদোন্নতির ক্ষেত্রে মানবাধিকার কমিশনের সুপারিশ নিতে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পদোন্নতির সময় তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে মানবাধিকার কমিশনের সুপারিশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অনুরোধ জানিয়েছে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাহারা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানিয়েছেন। সাক্ষাৎ শেষে মিজানুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা মন্ত্রীকে বলেছি, অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন করছেন বা এমন আচরণ করছেন, যা গ্রহণযোগ্য নয়। এ জন্য পুলিশের পদোন্নতির সময় তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে যেন কমিশনের সুপারিশ নেওয়া হয়। মন্ত্রীও আমাদের অনুরোধ গ্রহণ করেছেন।’কী কী বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা, সাংবাদিক নির্যাতন, ইলিয়াস আলী গুম এবং পুলিশের নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের একটি তালিকাও মন্ত্রীকে দিয়েছে কমিশন।