পুলিশের পর র্যাবও জানাতে পারল না কোকেনের গন্তব্য
চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া কোকেনের চালানের গন্তব্য র্যাবের অধিকতর তদন্তেও জানা যায়নি। এই চালানের সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র জড়িত কি না, দীর্ঘ ১৬ মাস তদন্তেও সেটি বের করা সম্ভব হয়নি। গতকাল সোমবার চট্টগ্রাম আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাঁর ভাই মোস্তাক আহমেদসহ ১০ জনকে আসামি করেছে র্যাব।
এর আগে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দেওয়া প্রথম অভিযোগপত্রে ওই দুজনকে আসামি করা হয়নি। বাকি আট আসামি একই রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদের আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। ২০১৫ সালের ডিসেম্বর থেকে থেকে ২০১৭ সালের ২ এপ্রিল পর্যন্ত ১৬ মাস মামলাটির অধিকতর তদন্ত করে র্যাব।
২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় নূর মোহাম্মদ ও তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফাকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়।
সাড়ে চার মাস তদন্তের পর ২০১৫ সালের নভেম্বর মাসে ডিবি কোকেন মামলার অভিযোগপত্র আদালতে দেয়। আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
সম্পূরক অভিযোগপত্রের বাকি আট আসামি হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। আসামি ফজলুর, বকুল মিয়া ও মোস্তাক আহমেদ পলাতক। জামিনে রয়েছেন সাইফুল আলম। বাকি ছয় আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুহম্মদ মহিউদ্দিন ফারুকী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, লন্ডনপ্রবাসী দুই ব্যক্তি ফজলুর রহমান ও বকুল মিয়া এবং ভারতের রাজুকে গ্রেপ্তার করতে না পারায় কোকেনের চালানটির গন্তব্য জানা যায়নি।
অভিযোগপত্রে বলা হয়েছে, নূর মোহাম্মদের প্ররোচনা ও যোগসাজশে বিদেশে অবস্থানরত পলাতক দুই আসামির মাধ্যমে তেলের আড়ালে আমদানিনিষিদ্ধ কোকেন অবৈধভাবে আমদানি করা হয়েছে।
অবশ্য নূর মোহাম্মদের ছোট ভাই মো. ইয়াছিন গতকাল বিকেলে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ভাইয়ের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ চালানটি এনেছে। তাঁরা চালানটির জন্য এলসি (ঋণপত্র) খোলেননি।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, র্যাবের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য আদালতে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।