পুলিশের পরিচয়ে আবারও ব্যবসায়ী অপহরণ
ডিবি পুলিশের পরিচয়ে আবার সোমবার দুপুরে নাটোর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।অপহূত ব্যবসায়ী নাটোর সদরের ছাতনী ভাটপাড়া গ্রামের আহসান আলী মোল্লার ছেলে। এর আগে নাটোরের আরও তিনজন ব্যবসায়ীকে একই কায়দায় অপহরণ করে টাকা ছিনতাই করা হয়েছে।নাটোর থানা সূত্রে জানা গেছে, শহরের বনবেলঘড়িয়ার গুড় ব্যবসায়ী আহাম্মদ আলী (৪৫) সোমবার বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক নাটোর শাখায় টাকা তুলতে যান। ব্যাংক থেকে তিন লাখ ৭০ হাজার টাকা তুলে অটোরিকশায় বনবেলঘড়িয়া গুড়পট্টির নিজের গুড়ের আড়তে ফিরে যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে একটি সাদা মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। মাইক্রোবাসের তিনজন যাত্রী নেমে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে তাঁকে জোর করে মাইক্রোতে তুলে নেয়। মাইক্রোবাসে তুলে কালো কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে ফেলে। রাস্তায় জোর করে সব টাকা কেড়ে নিয়ে চড়-থাপড় দিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া ঢালান এলাকায় মাইক্রো থেকে ব্যবসায়ীকে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নাটোর থানায় নিয়ে আসে।ব্যবসায়ী আহাম্মদ আলী বলেন, ‘মাইক্রোবাস থেকে তিনজন লোক ডিবির পোশাক পরে ওয়াকিটকি, পিস্তল ও হ্যান্ডকাফ হাতে নিয়ে ওয়ারেন্ট আছে বলে জোর করে গাড়িতে তুলে আমার তিন লাখ ৭০ হাজার টাকা কেড়ে নিয়েছে। বিকেলে আমি নাটোর থানায় লিখিত অভিযোগ করেছি।’নাটোর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পরপরই নাটোর জেলার সীমান্ত এলাকার সব পয়েন্টে পুলিশ দিয়ে অপহরণকারীদের ধরতে যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।