পুলিশের পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী থানার পরিদর্শকের (তদন্ত) বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রেজাউল করিমের আদালতে ওই পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। আদালত মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে গত ১০ আগস্ট ট্রাইব্যুনালে মামলা করেন তাঁর মক্কেল (ওই তরুণী)। আদালত মামলাটি বোয়ালখালী থানার পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন। পরে বাদী মামলার বিষয়ে থানার পরিদর্শক ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু বাদীকে অশোভন প্রস্তাব দেন পরিদর্শক। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে গত ২৭ আগস্ট পতেঙ্গা সমুদ্রসৈকতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে ১৫ অক্টোবর বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায় বাদীকে দ্বিতীয় দফায় ধর্ষণের চেষ্টা করেন। মামলায় তিনজনকে সাক্ষী রাখা হয়েছে। আদালত বাদীর বক্তব্য শুনে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
তবে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে গতকাল সন্ধ্যায় বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তরুণীটি ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করেছিল। তদন্তে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনটি তরুণীর পক্ষে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগের মামলা করেছেন।