পুলিশের পাঁচ কর্মকর্তা আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়েছেন। আগামী সোমবার আবার তাঁদের আদালতে যেতে হবে। গতকাল সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই পাঁচ কর্মকর্তা হাজির হন। কর্মকর্তারা হলেন: পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির, সহকারী কমিশনার আশরাফুল আজিম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমান।১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শ ম রেজাউল করিম। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি ওই ঘটনায় নিজেদের ভূমিকা জানাতে এই পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির বক্তব্য দেন। এ ছাড়া জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এবং নির্যাতনের শিকার রাকিবের বাবা মোস্তাক হোসেন ও মা সিমিন হোসেন রিমি বক্তব্য দেন। সিমিন হোসেন আদালতের সামনে কিছু প্রশ্ন তুলে ধরেন। মোস্তাক হোসেন ছেলেকে নির্যাতনের ঘটনার বর্ণনা দেন। আমীর-উল ইসলাম আবেগজড়িত কণ্ঠে বলেন, তাজউদ্দীন আহমদ দেশের জন্য জীবন দিয়েছেন। আজ তাঁর নাতিকে রক্তাক্ত করা হলো। তিনি বলেন, ‘কারও সঙ্গে কথা বলতে হলে পুলিশের দায়িত্ব হচ্ছে, প্রথমে সেই ব্যক্তিকে নিজের পরিচয় দেওয়া। এরপর বলবে, আপনার বিরুদ্ধে এই এই অভিযোগ।’ তিনি প্রস্তাব করেন, থানায় কী হচ্ছে তা দেখতে সেখানে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সিসিটিভি স্থাপন করা যেতে পারে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ ঘটনা অপ্রত্যাশিত। মৌলিক মানবাধিকারের পরিপন্থী। কতিপয় লোকের জন্য মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সুশাসনে বিশ্বাসী মানুষের উচ্চাশা হতাশায় পরিণত হতে পারে না। তিনি বলেন, পুলিশের পদোন্নতির ক্ষেত্রে মানবাধিকার কমিশন থেকে সনদ নেওয়ার বিধান করতে হবে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির বলেন, তিনি ওই ঘটনা জানার পর হাসপাতালে রাকিবকে দেখতে যান এবং দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, অধস্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, রাকিব গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামাতে বলে। রাকিব কিছু দূর গিয়ে গাড়ি থামান। পরে ফিরে এসে ওখানে থাকা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা হয় এবং তিনি পড়ে গিয়ে আঘাত পান। তাঁর এ বক্তব্য তিনি নিজে বিশ্বাস করেন কি না—আদালত জানতে চাইলে উপকমিশনার বলেন, পড়ে গিয়ে এ রকম আঘাত পাওয়ার কথা নয়। নির্যাতনের ঘটনার পর কী পদক্ষেপ নিয়েছেন, এফআইআর হয়েছে কি না—আদালতের এমন প্রশ্নের জবাবে লুৎফুল কবির বলেন, ‘এফআইআর হয়নি। হয়তো আমার অজ্ঞতাবশত ভুল ছিল। ওই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়।’ এর আগে ঘটনার বর্ণনা করে রাকিবের বাবা মোস্তাক হোসেন বলেন, ‘আমার সঙ্গেও থানায় দুর্ব্যবহার করা হয়েছে। এমন ব্যবহার আমার ৫৩ বছরের বয়সে কল্পনাও করতে পারিনি।’ পরে সিমিন হোসেন রিমি বলেন, ‘আমি আমার ছেলেকে এখন এই বলে সান্ত্বনা দিই, হয়তো তোমার এই ঘটনা থেকে পুলিশের সংস্কার শুরু হবে।’