বিচারক জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারসংক্রান্ত নিম্ন আদালতের আদেশের কার্যকারিতা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুলিশ কর্মকর্তাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পুলিশের ওই পাঁচ কর্মকর্তা হলেন: রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) নুরুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপপরিদর্শক শফিকুল ইসলাম, নূর হোসেন ও শাফিয়ার রহমান।গত মঙ্গলবার একই বেঞ্চ শিক্ষানবিশ আইনজীবী আকিল-উজ-জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। রুলে গ্রেপ্তার করা ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। অন্তর্বর্তীকালীন নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করতে বলা হয়। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে নির্দেশ বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ।পুলিশ কর্মকর্তাদের পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম, আকিল-উজ-জামানের পক্ষে আইনজীবী এ কে এম শফিউদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার মামলা পরিচালনা করেন। ৬ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগে ওই পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম। তাঁদের পুলিশের অপরাধ বিভাগ থেকে প্রত্যাহার করে অন্য কোনো বিভাগে বদলি করার নির্দেশও দেন আদালত। এর আগে ১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে একটি মাইক্রোবাস থেকে পুলিশ ৩৪২ বোতল ফেনসিডিল ও একটি রিভলবার উদ্ধার করে। ওই গাড়ি থেকে ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়া হয়।