পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আটকে রেখে একই পরিবারের পাঁচজনকে নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে জেলা থেকে বদলির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ নির্দেশ দেন।
ওই পুলিশ কর্মকর্তারা হলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ, তৎকালীন ওসি সৈয়দ নজরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান ও রফিকুল ইসলাম।
রিটকারীর আইনজীবী নূর হোসেন সাংবাদিকদের জানান, গত ৫ মে আড়াইহাজার উপজেলার উৎরাপুরা গ্রামের একই পরিবারের পাঁচজনকে থানায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় বৃদ্ধ ইয়াসিন সরকার হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
রিটে বলা হয়, আড়াইহাজার থানার পুলিশ ২৯ মার্চ রাত ১১টার দিকে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে ইয়াসিন সরকার, তাঁর ছেলে রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, পুত্রবধূ হেলেনা বেগম ও নাতি মাসুদ রানাকে আটক করে। তাঁদের তিন দিন থানায় আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁদের কাছ থেকে ৩৩ শতক জমি রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা করে।