গণমাধ্যমের সামনে জাবেদ ইমামের স্বীকারোক্তি আদায়
পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ক্ষমতার অপব্যবহার করে গণমাধ্যমের সামনে ভোলার সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের স্বীকারোক্তি নেওয়ার ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের পুলিশের অপরাধ বিভাগ থেকে প্রত্যাহার করে অন্য কোনো বিভাগে বদলির নির্দেশ দেওয়া হয়।আদালত পুলিশের মহাপরিদর্শককে আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দিতে বলেছেন। ঢাকার মহানগর হাকিম এম এ সালাম গতকাল বৃহস্পতিবার পুলিশের এই পাঁচ কর্মকর্তার উপস্থিতিতে এ আদেশ দেন। আদালত জাবেদ ইমামের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন।পুলিশের এই পাঁচ কর্মকর্তা হলেন: রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, এসআই নূর হোসেন (জব্দ তালিকা প্রস্তুতকারী) ও রেকর্ডিং কর্মকর্তা এসআই শাফিয়ার রহমান। তাঁরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় এ নির্দেশ দেন আদালত।নিউমার্কেট এলাকা থেকে ১ ডিসেম্বর একটি মাইক্রোবাস থেকে পুলিশ ৩৪২ বোতল ফেনসিডিল ও একটি রিভলবার উদ্ধার করে। ওই গাড়ি থেকে জাবেদ ইমামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে। পরে তাঁকে গণমাধ্যমের সামনে হাজির করে বক্তব্য নেয় পুলিশ। ৫ ডিসেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।এ বিষয়ে ব্যাখ্যা দিতে ৩ ডিসেম্বর আদালত পুলিশের পাঁচ কর্মকর্তাকে গতকাল আদালতে তলব করেন। সে অনুযায়ী সকালে ওই পাঁচ পুলিশ কর্মকর্তা আইনজীবীদের নিয়ে আদালতে হাজির হন। জাবেদ ইমামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।শুনানির শুরুতে আদালত আইনজীবীদের বলেন, এ মামলায় দুটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে পুলিশ কর্মকর্তাদের নোটিশ করা হয়েছে। তাঁরা আসামি নন, তাই আইনজীবীর প্রয়োজন নেই।এরপর বিচারক প্রথমে উপকমিশনার নুরুল ইসলামকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বলেন। আদালত বলেন, বিচার বা তদন্ত হওয়ার আগে গণমাধ্যমকে ডেকে সাংবাদিকদের সামনে কোন আইনে স্বীকারোক্তি নেওয়া হয়েছে? জবাবে উপকমিশনার বলেন, তিনি ওই সময় উপস্থিত ছিলেন না।আদালত বলেন, গণমাধ্যমে প্রচার হয়েছে। জাতি এ দৃশ্য দেখেছে। বিচারক বলেন, একজন আসামিকে গ্রেপ্তার করে, তাঁর নাম লিখে গলায় ঝুলিয়ে দেওয়া হলো, এটা কে করেছে—আদালতের এ প্রশ্নের জবাবে উপকমিশনারসহ পাঁচ কর্মকর্তা বলেন, তাঁরা জানেন না।আদালত প্রশ্ন করেন, আসামি আপনাদের কাছে স্বীকারোক্তি দিলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নিতে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার প্রয়োজন কী? একটি ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। মামলার তদন্ত বা বিচার না হতেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করে ফেলেছেন।জাবেদ ইমামের পক্ষে জামিনের শুনানি করেন কাজী নজিবুল্লাহ। তাঁকে সহায়তা করেন আইনজীবী গোপাল কুমার সাহা, মোহাম্মদ ওমর ফারুক ও এম এ জলিল।