পুলিশের পাঁচ কর্মকর্তার সাক্ষ্য ও জেরা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় পুলিশের পাঁচ কর্মকর্তার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গতকাল সোমবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালত ১৬ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
এর আগে সকালে মামলার প্রধান আসামি নূর হোসেন, অব্যাহতিপ্রাপ্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
গতকাল আদালতে সাক্ষ্য দেওয়া পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম, ফরিদপুর সদর থানার এএসআই এনায়েত হোসেন, বরিশালের উজিরপুর থানার এএসআই কানাই লাল চক্রবর্তী, নেত্রকোনার আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক এবং নেত্রকোনার খালিয়াজুড়ি থানার এএসআই নূরুল আমীন। ওই পুলিশ কর্মকর্তারা সাত খুনের মামলার অভিযুক্ত পাঁচ আসামির গ্রামের বাড়ির ঠিকানা তদন্ত করে ব্যক্তিগত তথ্য শনাক্ত করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় পুলিশের ওই পাঁচ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। সাক্ষ্য প্রদানকারী ওই কর্মকর্তারা সাত খুনের ঘটনার পর বিভিন্ন সময়ে আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় শনাক্ত করাসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন।
এ নিয়ে সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় মোট ১২৭ জন সাক্ষীর মধ্যে ১০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ১০ জন সাক্ষী বিদেশে রয়েছেন এবং দুজন মারা গেছেন। বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন ১ মে আরও একজনের লাশ একই স্থান থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় চার সহযোগীসহ নজরুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন।