পুলিশের পিকআপের চাপায় শিশু নিহত, অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার পুলিশের পিকআপ ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মাজহারুল ইসলাম (৯)। এর প্রতিবাদে এলাকাবাসী টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাজহারুল নেত্রকোনার সুসং দুর্গাপুর উপজেলার পশ্চিম কোনাপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। কয়েক দিন আগে মাজহারুল তার বাবার সঙ্গে দেখা করতে কালিয়াকৈর আসে। তারা মিয়া স্থানীয় এটিএস ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তেলিরচালা এলাকার জেনারেল ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কারখানার সামনে গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার জন্য অপেক্ষা করছিল মাজহারুল। এ সময় বেপরোয়া গতিতে চলতে থাকা কালিয়াকৈর থেকে গাজীপুরগামী সাদা রঙের একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল মারা যায়। পিকআপের গায়ে বাংলাদেশ পুলিশ লেখা ছিল। যাত্রীরা সবাই ছিল পুলিশ। ঘটনার পর এলাকাবাসী পিকআপের পিছু নিলে পুলিশ সদস্যরা অস্ত্র উঁচিয়ে গুলি করার ভয় দেখালে তারা থেমে যায়। গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের ওপর গাড়ি ও রিকশার পরিত্যক্ত টায়ার জ্বালিয়ে দেয়, লাঠি মিছিল ও সড়ক অবরোধ করে। এতে গাজীপুর সদর উপজেলার কড্ডা এলাকা থেকে কালিয়াকৈরের চন্দ্রা (পল্লী বিদুৎ) এলাকা পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ও মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল হাসান বলেন, নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ওই পিকআপটি পুলিশের ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।