পুলিশের পিটুনিতে পা ভাঙল ফল বিক্রেতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাহার মিয়া নামের এক ফল বিক্রেতাকে পুলিশ পিটিয়ে পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বেলা ১১টার দিকে আজমপুর গ্রামের নোয়ামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাহার বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ট্রেনে ও রেলস্টেশনে ফেরি করে কমলা ও আপেল বিক্রি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন বাহার মিয়া বলেন, বেলা ১১টার দিকে তিনি বাড়ির উঠানে রোদে বসে ছিলেন। তখন আখাউড়া থানার পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) মৃণাল কান্তি, মো. জালালসহ পুলিশের চার সদস্য আজমপুর গ্রামে তাঁর বাড়িতে যান।
পুলিশের সদস্যরা বাহারকে ডেকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালান। তবে তল্লাশি করে পুলিশ ঘরে কিছুই পায়নি। পরে পুলিশের সদস্যরা তাঁকে গাঁজা ও ফেনসিডিল দিয়ে চালান করে দেবেন বলে জানালে বাহার দৌড় দেন। পুলিশের সদস্যরা তাঁকে তাড়া করেন। এ সময় বাহারকে লক্ষ্য করে পুলিশ হাতকড়া ছুড়ে মারে। এটি তাঁর ডান পায়ের গোড়ালিতে লাগলে বাহার মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশের সদস্যরা বুট জুতা দিয়ে ওই পায়ে আঘাত করেন। একপর্যায়ে বাহারের চিৎকারে লোকজন এগিয়ে এলে পুলিশের সদস্যরা চলে যান।
বাহারের স্ত্রী নাজমা বেগম জানান, চার-পাঁচ মাস আগেও এক দিন সন্ধ্যায় বাহার আজমপুর রেলস্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। তখনো পুলিশ তাঁকে ধরে নিয়ে যায় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। পুলিশের সদস্যদের টাকা দিলে পরদিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালট্যান্ট ফখরুল আলম জানান, বাহারের পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। ওই অংশে ক্ষত রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সা থোয়াই জানান, আওয়াল নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে থানার দুই এএসআই মো. জালাল ও মৃণাল কান্তি মোটরসাইকেল নিয়ে ওই গ্রামে যান। আওয়াল বাহারের ভাই বলে জানা গেছে। পুলিশকে দেখে বাহার দৌড়ে পালানোর চেষ্টা করলে গর্তে পড়ে তাঁর পা ভেঙে যায়।