পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ১৯
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার বিকেল চারটা থেকে ১১ ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে পুলিশের পোশাক, তিনটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া চুরি হওয়া একটি মার্সিডিজসহ চারটি গাড়ি, সিএনজিচালিত তিনটি অটোরিকশা ও ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামরুল খান (৪৫), আওলাদ হোসেন (২৮), কটি মিয়া (৩০), মো. শামীম (৩৪), শীতল আলী (৪২), জসিম ফকির (২৪), জসিমউদ্দিন (২৮), সেলিম (৩৪), মো. মনির (৩০), মো. শাকিল (২৪), আতাউর রহমান ওরফে লিক (২২), চাবিওয়ালা মনির ওরফে মনির হোসেন (২৬), আবদুল করিম (২৮), মো. মানিক (২৭), খায়রুল আহম্মেদ ওরফে খালেক (৩৭), আফজাল হোসেন (২৮), ইউনুছ শেখ (৩২), আনোয়ার হোসেন (২৬) ও শিপলু মিয়া (৩০)।
ডিবি পুলিশ জানায়, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে একাধিক দল পুরান ঢাকার সদরঘাট, যাত্রাবাড়ী, ও মিরপুর এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ডিবি জানায়, কামরুল, খালেক ও জসিম এদের দলের প্রধান। প্রতিটি দলে ২০ জনের মতো সদস্য আছেন। এঁরা কখনো কখনো পুলিশের পোশাক পরে অস্ত্র ঠেকিয়ে গাড়ি ছিনতাই, আবার কেউ কেউ গাড়ির গতিরোধ করে যাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাই করেন। ডিবির কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে চক্রের দলনেতা মানিক জানান, সাত বছর আগে তিনি এসব শুরু করেন। এ পর্যন্ত ৪০০-৫০০টি মোটরসাইকেল, অটোরিকশা ও কার ছিনতাই করেছেন। ছিনতাই হওয়া গাড়ি চোর চক্রের কাছে বিক্রি করে দেন। তবে অটোরিকশা ও মোটরসাইকেল বিক্রি করেন ঢাকার বাইরে। জিজ্ঞাসাবাদে আরেক সদস্য কামরুল জানান, ছিনতাই হওয়া গাড়ি নিয়ে মামলা হওয়ার আগেই তিনি মালিকের সঙ্গে গোপনে যোগাযোগ করতেন। এরপর এক-দেড় লাখ টাকায় গাড়ি ও ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল ফিরিয়ে দেন। তাঁদের সদস্য খালেক ও জসিম একই ধরনের কথা স্বীকার করেন।