পুলিশের মাইকযোগে প্রচারণা, গণসচেতনতামূলক কার্যক্রমের মধ্যেও ছেলেধরার গুজবে চট্টগ্রামে গণপিটুনির ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। ওই মহিলা মানসিক প্রতিবন্ধী বলে পুলিশ জানিয়েছে। এর আগে সোমবার চট্টগ্রাম নগর ও জেলার আরও কয়েকটি এলাকায় চারটি গণপিটুনির ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন।জানা গেছে, গত সোমবার দুপুরে নগরের পাহাড়তলী এবং রাতে কোতোয়ালি থানার পুরোনো রেলস্টেশন এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। রাতে জেলার পটিয়া ও বাঁশখালীতে ঘটে অন্য দুটি ঘটনা। পটিয়ার ঘটনায় পুলিশ দুই দিনে মোট ৪১ জনকে গ্রেপ্তার করেছে। মামলা হয়েছে ২৫০ জনের বিরুদ্ধে।জেলা পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ভিক্ষুকের ঝুলিতে মানুষের মুণ্ডু আছে—এমন গুজব ছড়িয়ে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ ভিক্ষুককে উদ্ধার করে। এর আগে ১৫, ১৯ ও ২০ আগস্ট পটিয়ার বিভিন্ন এলাকায় একই ধরনের গুজবে তিনটি গণপিটুনির ঘটনা ঘটে।সোমবার সন্ধ্যায় গণপিটুনির আরেক ঘটনা ঘটে বাঁশখালী থানার জলদি বাজারে। একটি সিএনজিচালিত অটোরিকশা ওই বাজারে একটি গরুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে অটোরিকশাটি ফেরার পথে তাতে মানুষের কাটা ১০টি মুণ্ডু থাকার গুজব ছড়িয়ে সেটি ভাঙচুর ও চালককে আহত করা হয়।নগরের পাহাড়তলী থানা এলাকায় ফইল্যাতলী বাজারে সোমবার দুপুর দেড়টার দিকে ভিক্ষা করতে আসা সাদেম আলী হাওলাদার (৭৩) ও তাঁর স্ত্রী ছালেহা বেগমকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। সোমবার রাতে নগরের নতুন রেলস্টেশনের কাছে এক পথচারীকে ছেলেধরা সন্দেহ করে গণপিটুনি দেওয়া হয়। রেলওয়ে থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপতালে পাঠায়। আহত পথচারীর নাম জানা যায়নি। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘কিছু বোঝার আগেই কয়েকজন লোক একজন পথচারীকে ছেলেধরা বলে মারধর শুরু করে। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কর্ণফুলীতে নতুন নির্মিত সেতুর জন্য মানুষের ১০০ মুণ্ডু লাগবে বলে একটি মহল পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। তারাই এ ধরনের গণপিটুনির ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছি।’