পুলিশের প্রতি কৃতজ্ঞতা
কারও হাতে গোলাপ, কারও হাতে রজনীগন্ধা, কারও হাতে ফুলের তোড়া। সদর উপজেলার দুর্গম চরাঞ্চল করিমপুর ইউনিয়নের গুনে গুনে এক হাজার নারী-পুরুষ গতকাল রোববার এসেছিলেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগমের কার্যালয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে।
করিমপুর ইউনিয়নের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে করিমপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জুয়াসহ বিভিন্ন অপরাধ বেড়ে যায়। দুর্গম চরাঞ্চল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন।
পরে স্থানীয় লোকজনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং কমিটি করা হয়। এতেও কাজ হচ্ছিল না। এর মধ্যে গত ৮ জানুয়ারি কবির হোসেন নামের একজন খুন হন। আরও উদ্বিগ্ন হয়ে পড়েন ওই এলাকার মানুষ।
এসব ঘটনার প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নরসিংদী সদর মডেল থানা ও করিমপুর কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এসপির উপস্থিতিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কয়েক হাজার মানুষ তাঁদের সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে কবির হোসেন হত্যা মামলার আসামিদের এক মাসের মধ্যে গ্রেপ্তার করার কথা দেন এসপি। পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন পেশাজীবীর মানুষকে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেন। এলাকাবাসীর সহায়তায় এক মাসের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি এসপি করিমপুর বাজারে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প করে দেন। ১২ ফেব্রুয়ারি কবির হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার হয়। একজন আদালতে স্বীকারোক্তিও দেন। মাদক নিয়ন্ত্রণে এসপি স্থানীয় জনগণের কাছ থেকে গোপনে তথ্য নিয়ে তাৎক্ষণিকভাবে নানা ব্যবস্থা নিয়েছেন। এর ফলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এখন এলাকাছাড়া।
আমেনা বেগম বলেন, ‘আমি বিস্মিত। এক হাজার নারী-পুরুষ কৃতজ্ঞতা জানাতে চরাঞ্চল থেকে এসেছেন, জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।’ তিনি আরও বলেন, এত সমালোচনার ভিড়ে এই কৃতজ্ঞতা পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল করতে অনুপ্রেরণা জোগাবে। আর পুলিশের চেয়ে বেশি কাজ করেছেন ওই এলাকার জনগণ। তাঁরা সচেতন হয়ে পুলিশকে সহায়তা করেছেন।