পুলিশের প্রহারে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
গোপালগঞ্জে পুলিশের প্রহারে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে গতকাল শনিবার ওই ঘটনা ঘটে। পুলিশের দাবি, পুলিশের ভয়ে পালাতে গিয়ে পড়ে মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম জুয়েল ফকির (৩৫)। তিনি বর্ষাপাড়া গ্রামের তৈয়ব আলী ফকিরের ছেলে। তিনি পাশের নড়াইল জেলার কালিয়া বাজারে অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন।
এলাকাবাসী জানান, জুয়েলসহ কয়েকজন গতকাল পশ্চিম বর্ষাপাড়া গ্রামের শাহাবুদ্দিনের পুকুরপাড়ে জুয়া খেলছিলেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ এলে সবাই পালিয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, পালানোর সময় জুয়েল হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। তখন পুলিশের দুই সদস্য তাঁকে পাড়াতে শুরু করেন। একপর্যায়ে তিনি মারা যান। ওই অভিযানে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সায়েম সুজন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুজ্জামান ও দুই কনস্টেবল ছিলেন।
নিহত জুয়েলের স্ত্রী ঝরনা বেগম বলেন, ‘পুলিশ আমার স্বামীকে পিটিয়ে ও পাড়িয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে এসআই সায়েম সুজন বলেন, ‘পুকুরপাড়ে কয়েকজন জুয়া খেলছিল। এ সময় আমরা ঘটনাস্থলের ২০ হাত দূরে থাকতে তারা পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি এক ব্যক্তি পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়।’
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা অসিত কুমার মল্লিক বলেন, জুয়েলকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।