পুলিশের ফরমালিন চেকিং বুথ এখন ময়লার ভাগাড়

খাবারে ফরমালিনের মাত্রা পরীক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বুথটি তৈরি হয়েছিল। কিন্তু শান্তিনগর কাঁচাবাজারের এই ফরমালিন চেকিং বুথে এখন পুরোনো কার্টন, ভাঙা চেয়ারসহ নানা আবর্জনার স্তূপ। ধুলার পুরু স্তর জমে আছে দেয়ালে, জানালার কাচে। বাজার সমিতি ও দোকানিরা জানায়, কখনো চালুই হয়নি বুথটি।
শুধু শান্তিনগর বাজারই নয়, রাজধানীর বিভিন্ন স্থানে স্থাপন করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফরমালিন চেকিং বুথগুলো এখন আর কোনো কাজে আসছে না। কোনোটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, কোনোটির অস্তিত্বই নেই। পুলিশ কর্মকর্তাদেরও এ ব্যাপারে কোনো তদারকি নেই।
২০১৪ সালের জুলাই মাসে ডিএমপির তৎকালীন কমিশনার বেনজীর আহমেদ ঢাকার ২৩৬টি কাঁচাবাজারে ফরমালিন চেকিং বুথ স্থাপনের ঘোষণা দেন। সেই পরিপ্রেক্ষিতে ঢাকার দুই সিটি করপোরেশনের কিছু কাঁচাবাজারে ডিএমপির পক্ষ থেকে মাছ-মাংস-ফলে ফরমালিন শনাক্ত করার বুথ স্থাপিত হয়। সম্প্রতি ঢাকার বাজারগুলোতে ঘুরে ফকিরাপুল, মালিবাগ, শান্তিনগর, মহাখালী ও উত্তরা সেক্টর-৬ কাঁচাবাজারে ফরমালিন পরীক্ষা বুথ স্থাপনের কথা জানা যায়।
শান্তিনগর ও ফকিরাপুল কাঁচাবাজারের বুথ দুটি তালাবদ্ধ অবস্থায় আছে। দুটিতেই ফেলনা জিনিস ও আবর্জনার স্তূপ। শান্তিনগর বাজারের ফরমালিন পরীক্ষার বুথে কালো রং দিয়ে ডিএমপির নাম ও লোগো মুছে ফেলা হয়েছে। শান্তিনগর বাজার সমিতি, আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটির পরিচালক খোরশেদ আলম বলেন, বুথটি কাজে আসছে না। শুরু থেকেই এটি তালাবদ্ধ আছে। বাজারের প্রবেশমুখে বুথ অবস্থানের কারণে ক্রেতা-বিক্রেতারা চলাচলে অসুবিধায় পড়ছে। ফকিরাপুল বাজারের বুথের জানালার কাচ চুরি হয়ে গেছে। বুথ ঘিরে ফল-সবজির দোকান। সবজি ব্যবসায়ী মো. দেলোয়ার বললেন, বুথে ফরমালিন পরীক্ষার কার্যক্রম কখনো শুরু হয়নি।
উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারের ফরমালিন শনাক্তকরণ বুথটি কিছুদিন সচল থাকার পর এখন তালাবদ্ধ অবস্থায় আছে। একই অবস্থা অন্যান্য স্থানের বুথেও।
মালিবাগ ও মহাখালী কাঁচাবাজারে স্থাপিত ফরমালিন শনাক্তকরণ বুথ দুটি খুঁজে পাওয়া যায়নি। মালিবাগ বাজারের বিক্রেতারা বলেন, বুথের কার্যক্রম বন্ধ ছিল। যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় বুথটি সরিয়ে ফেলা হয়। মহাখালী বাজারের বুথটি শুরুতে সচল থাকলেও গত বছর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিছুদিন পর বুথটিও উঠে যায়। এখন সেখানে আর কোনো বুথ নেই।
মহাখালী কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী নাজমুন নাহার বলেন, ‘সন্দেহ হলে আগে বুথে পরীক্ষা করিয়ে নেওয়ার সুযোগ ছিল। পরে তো বুথই উঠে গেল।’ বাজারের এক ব্যবসায়ী বলেন, এখন সবাই ধরে নিয়েছেন, দেশে ফরমালিনের ব্যবহার নেই। এ কারণে এসব বুথ নিয়ে কারও কোনো মাথাব্যথাও নেই। তবে তিনি মনে করেন, বাজারের এ ধরনের বুথ সচল থাকা উচিত। তাকে সবাই সতর্ক থাকবেন। তা ছাড়া এখন পরীক্ষার ব্যবস্থা নেই বলে কেউ বুঝতে পারছেন না ফরমালিনের ব্যবহার হচ্ছে কি না। কেউ যদি গোপনে ফরমালিন ব্যবহার করেও থাকেন, সেটাও শনাক্ত হচ্ছে না।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এই বুথগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে এর বেশি কিছু তিনি বলেননি।