দলীয় কর্মসূচি পালনে বাধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার শহরের পাওয়ার হাউস রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবদলের নেতা-কর্মীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সুহিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল মোল্লা, সুহিলপুর গ্রামের বাসিন্দা যুবদল কর্মী ইসমাইল হোসেন ও যুবদল কর্মী শহরের কান্দিপাড়ার বাসিন্দা জিয়াউল হক।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্বের ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে জেলা যুবদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সকালে যুবদলের নেতা-কর্মীরা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য জড়ো হন। এ সময় পুলিশ সেখান থেকে জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা অভিযোগ করে বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল সকালে পাওয়ার হাউস রোড এলাকায় জড়ো হয়েছিলেন। আমরা সবাই শান্ত ছিলাম। কিন্তু আমাদের নিরাপত্তা না দিয়ে রাবার বুলেট ছোড়ে।’
বিএনপি নেতার ওই অভিযোগের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভের নামে নাশকতার প্রস্তুতি নিয়েছিলেন বলে পুলিশের কাছে খবর ছিল। কালীবাড়ি মোড় এলাকায় যুবদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় যুবদলের চার নেতা-কর্মীকে আটক করা হয়। ২০১৬ সালের ১১ জানুয়ারি শহরে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাশকতার প্রস্তুতি নেওয়ার পুলিশের অভিযোগের বিষয়ে বিএনপির নেতা হাফিজুর রহমান বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, ‘পুলিশ কোনো নীতির মধ্যে নাই। এখন বিএনপি কি প্রতিবাদও করতে পারবে না? আগেও বিক্ষোভ বা প্রতিবাদের সময় পুলিশ বাধা দিয়ে আমাদের ফিরিয়ে দিয়েছে। কিন্তু এবারই প্রথম আমাদের ওপর গুলি ছুড়েছে।’