পুলিশের বাধায় জামায়াত শিবিরের মিছিল পণ্ড ৯৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় গতকাল শনিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ জামায়াত-শিবির সন্দেহে ৯৩ জনকে আটক করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে পুরান ঢাকার বাবুবাজার পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ এবং নাস্তিকতার অভিযোগ এনে বিভিন্ন ব্লগারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ইসলামপুরের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে মিছিলটি পণ্ড হয়ে যায়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন দোকান ও মার্কেটে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন ওই দোকান ও মার্কেটে অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ৯৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের কর্মীরা কয়েকটি দোকানে ভাঙচুর চালান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দোকানপাট বন্ধ করে ভেতরে অবস্থান নেন। সাধারণ লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে তথ্য ছিল, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর উদ্দেশ্যে জামায়াত মিছিল বের করবে। তাই আগে থেকেই পুলিশ সতর্ক অবস্থানে থেকে মিছিলটি পণ্ড করে দিয়েছে।ডিসি বলেন, আটক হওয়া ব্যক্তিদের অনেকের শরীরে রাবার বুলেট লেগেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।