পুলিশের বাধায় নাসিরনগর অভিমুখে লংমার্চ হয়নি
পুলিশের বাধার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করতে পারেননি আয়োজকেরা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
এই লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে জেলা পুলিশ। সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় চারটি নিরাপত্তাবেষ্টনী তৈরি করে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে।
‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ও ‘মাইনরিটি রাইটস মুভমেন্ট’ নামের তিন সংগঠনের ব্যানারে গত মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে টিএসসির রাজু ভাস্কর্য থেকে লংমার্চ শুরু হয়। এরপর লংমার্চকারীরা সকাল সোয়া ১০টার দিকে তিনটি মাইক্রোবাস ও একটি বাসে চড়ে রওনা দিলে পুলিশ শহীদ মিনার এলাকায় তাঁদের আটকে দেয়। বাস বাদ দিয়ে শুধু তিনটি মাইক্রোবাসে চড়ে তাঁদের নাসিরনগরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।
পুলিশের সঙ্গে প্রথমে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা হয়। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে ফিরে আসেন।
রাজু ভাস্কর্য চত্বরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক মানিক রক্ষিত। তিনি বলেন, নিরাপত্তা দিতে পারবে না—এমন কথা বলে পুলিশ তাঁদের লংমার্চে যেতে দেয়নি। মোট পাঁচটি বাস যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে তাঁরা যাত্রা শুরু করেছিলেন। ছয় দফা দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকদের জন্য প্রায় দুই লাখ টাকার সহায়তা নিয়ে তাঁরা যাচ্ছিলেন। কিন্তু পুলিশ যেতে দিতে রাজি হয়নি।
তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তিনি নিজেই আন্দোলনকারীদের তিনটি মাইক্রোবাস ঠিক করে দিয়েছিলেন। আন্দোলনরত ব্যক্তিরা পরে তার সঙ্গে একটি বাস যোগ করেন, যার অনুমতি ছিল না। তিনি বলেন, শিক্ষার্থীরা ত্রাণ দেওয়ার জন্য যেতে পারেন। কিন্তু সেখানে গিয়ে সমাবেশ করার মতো পরিস্থিতি নেই। এত লোকজন নিয়ে সমাবেশ করতে গেলে সেখানে ঝামেলার আশঙ্কা আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ত্রাণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থীর একটি দল নাসিরনগরের উদ্দেশে রওনা দিলে পুলিশ আশুগঞ্জ উপজেলা গোলচত্বর এলাকায় তাদের আটকে দেয়। পরে ১৪ জনের একটি দলকে নাসিরনগরে গিয়ে ত্রাণ বিতরণের অনুমতি দেওয়া হয়।