পুলিশের বাধায় প্রতিরোধ কমিটির কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃক অযৌক্তিক গৃহ করারোপের প্রতিবাদে পৌরসভা ঘেরাও করতে যাওয়া বিক্ষোভ মিছিলটি গতকাল পুলিশের বাধার মুখে পড়ে। ছবিটি শহরের বড় ইন্দারা মোড়ের কাছ থেকে তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃক অযৌক্তিক গৃহ করারোপের প্রতিবাদে পৌরসভা ঘেরাও করতে যাওয়া বিক্ষোভ মিছিলটি গতকাল পুলিশের বাধার মুখে পড়ে। ছবিটি শহরের বড় ইন্দারা মোড়ের কাছ থেকে তোলা l প্রথম আলো

পুলিশের বাধায় ‘অযৌক্তিক পৌর ট্যাক্স প্রতিরোধ কমিটি’র পূর্বঘোষিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ‘ঘেরাও’ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। গতকাল রোববার এ ঘেরাও কর্মসূচি ছিল। নির্ধারিত কর্মসূচি পণ্ড হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে প্রতিরোধ কমিটি।
সমাবেশে বক্তারা বলেন, নীতিমালার বাইরে গিয়ে অযৌক্তিকভাবে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে আড়াই মাস ধরে আন্দোলন ও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও কোনো লাভ হয়নি। এসব পদক্ষেপ কার্যকর না হওয়ায় গত ২২ অক্টোবর পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ৬ নভেম্বর (গতকাল রোববার) পৌরসভা ‘ঘেরাও’ কর্মসূচির ঘোষণা দেয় প্রতিরোধ কমিটি। সে অনুযায়ী শহরের ফুড অফিস মোড় থেকে সকাল ১০টা থেকেই জড়ো হতে শুরু করেন পৌর নাগরিকেরা। সেখান থেকে প্রতিরোধ কমিটির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। পৌর ভবনের কিছু দূরে থাকতেই বড় ইন্দারা মোড়ের কাছে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে জেলা প্রশাসকের কার্যালয়-সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে প্রতিবাদ সমাবেশ করে প্রতিরোধ কমিটি।
সেখানে বক্তারা বলেন, নাগরিক আন্দোলনকে ভয় পেয়ে পৌর কর্তৃপক্ষ পুলিশকে ব্যবহার করছে। নিজেদের অস্বচ্ছতাকে ধামাচাপা দিতেই এ অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করেছে। সমাবেশে বক্তব্য দেন কমিটির নেতা সৈয়দ আহমেদ হোসেন, শাহনেওয়াজ, মিজানুর রহমান, মনিরুজ্জামান প্রমুখ।
বাধা দেওয়া প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, ঘেরাও কর্মসূচির ব্যাপারে প্রতিরোধ কমিটি অনুমতি নেয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাধা দেওয়া হয়েছে।
এদিকে কমিটির নেতা মিজানুর রহমান বলেন, আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পুলিশের অনুমতি নিয়ে কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় না। তা ছাড়া মৌখিকভাবে কর্মসূচি সম্পর্কে সদর থানার ওসিকে আগেই জানানো হয়েছিল।