পুলিশের বাধায় বিএনপি-জামায়াতের সমাবেশ পণ্ড
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বাধার মুখে গতকাল সোমবার বিকেলে বিএনপি-জামায়াতের ডাকা বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। তবে পরে মাইক ছাড়া সমাবেশ করেছে বলে দাবি করেছে বিএনপি।উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বিকেলে সমাবেশ শুরু হয়। এতে বক্তৃতা করেন মহেশখালী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাকের হোসেন।মহেশখালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, সোমবার বিকেলে উপজেলার গোরকঘাটা চৌরাস্তার মৌড়ে বিএনপি-জামায়াত যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সমাবেশ পণ্ড হয়ে যায়।উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম অভিযোগ করেন, বিক্ষোভ-সমাবেশের বিষয়টি আগেই থানার পুলিশকে জানানো হয়েছে। কিন্তু সমাবেশ চলাকালে কোনো কারণ ছাড়াই পুলিশ অতর্কিত লাঠিপেটা করে সমাবেশ পণ্ড করে দেয়। পরে মাইক ছাড়া সমাবেশের বাকি অংশ শেষ করা হয় বলে তিনি দাবি করেন।