পুলিশের বাধায় হিজবুল মুজাহিদীনের গণজমায়েত পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধার কারণে হিজবুল মুজাহিদীন নামের একটি ইসলামি সংগঠন গতকাল সোমবার মানিকগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় পূর্বনির্ধারিত ইসলামি গণজমায়েত করতে পারেনি। দৌলতপুর থানার পুলিশ জানায়, হিজবুল মুজহিদীন সংগঠনের ব্যানারে দৌলতপুরের বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা হাফিজিয়া মাদ্রাসা মাঠে গতকাল ইসলামি গণজমায়েতের আয়োজন চলছিল। এ নিয়ে ওই এলাকার জনসাধারণের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। বাঁচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ জানান, বেশ কিছু দিন ধরেই কিছু লোক বিভিন্ন ইসলামি সংগঠনের ব্যানারে দুর্গম চরাঞ্চলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল গণজমায়েতের ডাক দেওয়া হয়। দৌলতপুর থানার ওসি এ কে এম মামুনুর রশীদ বলেন, অনুমতি না থাকায় তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।