পুলিশের বাসের চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কচুক্ষেত এলাকায় গতকাল শুক্রবার সকালে পুলিশের রিকুইজিশন করা একটি বাসের চাপায় তাজুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কচুক্ষেতের কাঁচামাল ব্যবসায়ী এবং রজনিগন্ধা সুপার মার্কেটে একটি আড়তের কর্মচারী।কাফরুল থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কচুক্ষেত স্বাধীনতাচত্বরে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পুলিশের রিকুইজিশন করা একটি বড় বাস তাজুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি পুলিশ সদস্যদের নিয়ে মিরপুর-১৪ নম্বর থেকে কচুক্ষেত হয়ে রাজারবাগে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। কাফরুল থানা-পুলিশ চালকসহ বাসটি আটক করেছে।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম দাবি করেন, নিহত ব্যক্তির স্ত্রী-সন্তানরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য থানায় আবেদন করায় লাশটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, হকাররা স্বাধীনতাচত্বরের আশপাশের রাস্তাগুলোর ফুটপাত দখল করে রেখেছে। ফলে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হয়। তাজু রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে মারা যান।তাজুল কাঁচামাল ব্যবসার পাশাপাশি কচুক্ষেতের রজনিগন্ধা সুপার মার্কেটের আড়তের কর্মচারী ছিলেন। তিনি পরিপারসহ সিবি ৮৩ পুরান কচুক্ষেত বাজারে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুরে। তাঁর পাঁচ সন্তান রয়েছে।